‘সিগন্যাল’ এর ‘ইনক্রিপ্টেড’ মেসেজ ’ডিক্রিপ্ট’ করার দাবি
অত্যন্ত সুরক্ষিত মেসেজিং ও ভয়েস-কল অ্যাপ্লিকেশন ‘সিগন্যাল’ এর ‘ইনক্রিপ্টেড’ মেসেজ ‘ডিক্রিপ্ট’ করার দাবি করেছে ইসরায়েলের নিরাপত্তা প্রতিষ্ঠান ‘সেলেব্রাইট’। তবে, সিগন্যালের প্রতিষ্ঠাতাসহ অন্য অনেকেই তাদের দাবি ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছেন।
অবশ্য এই ডিক্রিপ্ট করণের মাধ্যমে সন্ত্রাসী দলের সদস্য, মাদক কারবারি এবং এমনকি বিক্ষোভকারীদের যোগাযোগ ব্যহত করার গৌরব প্রকাশ করতেও ছাড়েনি সেলেব্রাইট। তারা বলছে, এ ধরনের অ্যাপসের কারণে তথ্যের ফরেনসিক অ্যানালাইসিস করা অত্যন্ত কঠিন হয়ে যায়। এটা তারা ভাঙ্গতে পেরেছে।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সংবাদ মাধ্যম বিবিসি-কে সেলেব্রাইটের এই দাবি ‘বিশ্বাসযোগ্য’ বলে মন্তব্য করেছেন এক সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ।
অত্যন্ত সুরক্ষিত হওয়ায়, যারা নিজেদের মেসেজ গোপন রাখতে চান, তাদের মধ্যে সিগন্যাল ও টেলিগ্রামের মতো অ্যাপস জনপ্রিয় হয়ে উঠেছে। এতে অপরাধের তদন্ত করা কঠিন হয়ে উঠবে বলে উদ্বিগ্ন গোয়েন্দা সংস্থাগুলো।
কীভাবে ডিক্রিপ্ট করার উপায় খুঁজে পেল সেলেব্রাইট, তা জানাতে গিয়ে প্রতিষ্ঠানটি বলে, ‘আমরা অনেকদিন ধরে এর উপায় খুঁজছিলাম এবং অবশেষে তা খুঁজে পেয়েছি। ’
তবে অ্যান্ড্রয়েড ফোনে সিগন্যালের মেসেজ ডিক্রিপ্ট করতে পারলেও, অ্যাপলের ডিভাইসেও এটি সম্ভব কিনা সেলেব্রাইট তা জানায়নি।